সম্পূর্ণ নিউজ

খেলতে পারবেন না নেইমার

ছবি: সংগ্রহিত

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। ঠিক এমন মুহূর্তে বড়সড় একটি ধাক্কা খেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারছেন না সেলেসাওদের পোস্টার বয় ও তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আগামী শনিবার (৬ জুন) মিসরের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচে কাফ মাসলের (পায়ের পেশি) চোটের কারণে তাকে দলের বাইরে থাকতে হচ্ছে।ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নেইমারের এই চোটের খবরটি নিশ্চিত করেছে। সিবিএফ জানিয়েছে, চোটের তীব্রতার কারণে নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। দলের বাকি সদস্যরা ম্যাচ খেলতে রওনা হলেও এই তারকা ফুটবলারকে রাখা হচ্ছে নিউ জার্সির মূল ট্রেনিং ক্যাম্পেই।

সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া (রিহ্যাব) চলবে।৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান জাদুকরের জন্য চলতি মৌসুমটা মোটেও সহজ ছিল না। প্রায় পুরো মৌসুমজুড়েই তাকে চোটের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, মাঠের চেয়ে বেশি সময় কেটেছে সাইডলাইনে। চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও কোচ কার্লো আনচেলত্তি তার অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভরসা রেখে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছিলেন। কোচের এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে আগেই বেশ আলোচনা-সমালোচনা চলছিল, যা নেইমারের নতুন এই চোটে আরও উসকে গেল।বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মিসরের বিপক্ষে এই ম্যাচটি ছিল ব্রাজিলের রণকৌশল ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। কিন্তু মাঠের লড়াইয়ে নামার ঠিক আগমুহূর্তে দলের সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগে পড়েছে সেলেসাও শিবির। আনচেলত্তির আক্রমণভাগের পরিকল্পনাতেও এই চোট বড় একটা পরিবর্তন আনতে বাধ্য করছে।আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। প্রথম ম্যাচের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও নেইমারের চোট কতটা গুরুতর এবং তিনি মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, সে বিষয়ে সিবিএফ বা মেডিকেল টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। নেইমারের দ্রুত সুস্থতার দিকেই এখন চাতক পাখির মতো চেয়ে আছেন কোটি কোটি ব্রাজিল সমর্থক।

/কেএস

রিলেটেড নিউজ