
প্রকাশ্যে গুলি করে হত্যা, সিসিটিভিতে ৬ জনের উপস্থিতি নিশ্চিতচট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যার শিকার রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে জড়িতদের প্রাথমিক ছবি পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে সংঘটিত এ হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের গতিবিধি শনাক্ত করা হয়। ইতোমধ্যে ৬ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে অন্তত দুজনের হাতে পিস্তল দেখা গেছে।পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা পরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে মাসুদ চৌধুরীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এ সময় দুইজন খুব কাছ থেকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে নিশ্চিতভাবে মৃত্যু ঘটায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।সাম্প্রতিক সময়ে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র থেকে প্রাথমিকভাবে অভিযুক্তদের চেহারা শনাক্ত করা সম্ভব হয়েছে। এসব ছবি বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, “আমরা ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ সংগ্রহ করেছি। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে।”রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জড়িতদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”উল্লেখ্য, নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয়ভাবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
/এএস

