ছবি: সংগৃহিত
রাঙ্গুনিয়া টাইমস ডেস্ক: গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে দলটির পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন।বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বাড়ানো সাধারণ মানুষের ওপর এক চরম জুলুম।

নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে এমনিতেই মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবন বিপর্যস্ত, তার ওপর বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আদেশ অনুযায়ী পাইকারি ও খুচরা পর্যায়ে ইউনিটের দাম এবং সঞ্চালন চার্জ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এর ফলে দেশের শিল্প ও কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম আরও বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।নেতৃবৃন্দ আরও দাবি করেন, বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে জনগণের অর্থ লুটের খেসারত দিতেই বারবার এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই এমন অমানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন তারা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
/কেএস

